হাদি হত্যার বিচার দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’-এর চতুর্থ দিনের যাত্রা শুরু 

0
27

শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ মোট চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ইনকিলাব মঞ্চ ঘোষিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি চতুর্থ দিনের মতো শুরু হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শাহবাগের হাদি চত্বর থেকে এই যাত্রা শুরু হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা প্রায় ১০টি পিকআপ ভ্যানে করে মার্চ শুরু করেন।

এর আগে সকাল ১০টার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে শাহবাগে জড়ো হতে শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় ‘হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘রক্ত বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’—এমন বিভিন্ন স্লোগানে চত্বর মুখরিত হয়ে ওঠে।

মার্চ শুরুর প্রাক্কালে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, “আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারকে হাদি হত্যার দ্রুত বিচার করতে আহ্বান জানিয়েছি। কিন্তু সরকার এখন পর্যন্ত এমন কোনো তথ্য-উপাত্ত উপস্থাপন করেনি যাতে আমরা বুঝতে পারি যে, এই সরকার শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার করতে আগ্রহী।”

তিনি আরও বলেন, “কাল আদালতে চার্জশিটে হাজিরের কথা রয়েছে। এই ঘটনায় ফয়সাল আর আলমগীর ছোট ব্যক্তি। টাকার বিনিময়ে তারা হত্যা করেছে। কিন্তু হত্যা করালো কে? এই হত্যার পেছনে কারা আছে? কাল নামকাওয়াস্তে একটা চার্জশিট দিলে তা বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে।”

‘মার্চ ফর ইনসাফ’ পথযাত্রাটি শাহবাগ থেকে শুরু করে সায়েন্সল্যাব-সিটি কলেজ, মোহাম্মদপুর-তিন রাস্তার মোড়, রায়েরবাজার-বধ্যভূমি, মিরপুর ১০, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ী হয়ে সন্ধ্যায় পুনরায় শাহবাগ হাদি চত্বরে এসে শেষ হবে।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে উত্থাপিত চার দফা দাবিগুলো হলো:

১. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনিচক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে।

২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।

৩. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।

৪. সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে।