পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় সিবিআইয়ের জেরার মুখে থালাপতি বিজয়

0
49

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা এবং রাজনীতিক থালাপতি বিজয়ের সময়টা ভালো যাচ্ছে না। নিজের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে)-এর একটি সমাবেশে মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় এবার তাকে সরাসরি সিবিআইয়ের জেরার মুখে পড়তে হবে।

আগামী সোমবার (১২ জানুয়ারি) তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (সিবিআই) দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরে থালাপতি বিজয়ের রাজনৈতিক দল টিভিকে-র প্রথম বিশাল সমাবেশ আয়োজিত হয়েছিল। প্রিয় অভিনেতাকে এক নজর দেখতে সেখানে উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খায় পুলিশ ও আয়োজকরা। একপর্যায়ে ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৪১ জনের করুণ মৃত্যু হয় এবং শতাধিক মানুষ গুরুতর আহত হন।

সমাবেশের নিরাপত্তা ও অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ওঠায় গত অক্টোবর মাসেই ভারতের সুপ্রিম কোর্ট বিষয়টি আমলে নেয়। বিচারপতি জে কে মহেশ্বরী এবং এনভি আঞ্জারিয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ ঘটনার গভীরতা বিবেচনা করে তদন্তের ভার সিবিআইয়ের হাতে অর্পণ করেন। তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ রাখতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অজয় রাস্তোগির নেতৃত্বে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে, যেখানে দুজন দক্ষ আইপিএস অফিসারও রয়েছেন।

সিবিআই মূলত তদন্ত করতে চাইছে সেই দিনের আয়োজনে কী কী ঘাটতি ছিল এবং আয়োজক হিসেবে বিজয়ের দলের দায় কতটুকু। রাজনৈতিক ময়দানে পা রাখার শুরুতেই এমন আইনি জটিলতা থালাপতি বিজয়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আগামী সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়ে এই তারকা অভিনেতাকে নিজের অবস্থান পরিষ্কার করতে হবে।