ভারতীয় দূতাবাস অভিমুখে এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চ

0
29

সীমান্তে ফেলানী হত্যার ১৫ বছর উপলক্ষে ভারতীয় দূতাবাস অভিমুখে আধিপত্যবাদবিরোধী মার্চ কর্মসূচি পালন করেছে ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি)-এর ঢাকা মহানগর উত্তর শাখা।

বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার প্রায় ১০০ জন সদস্য এই মার্চ নিয়ে রাজধানীর বাঁশতলায় ভারতীয় দূতাবাসের সামনের রাস্তায় আসেন।

মার্চটি বাঁশতলায় পৌঁছালে পুলিশ সদস্যরা ব্যারিকেড দিয়ে আটকে দেন। এ সময় এনসিপি কর্মীরা নানা স্লোগান দিতে থাকেন, যার মধ্যে উল্লেখযোগ্য: ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ’, ‘কাঁটাতারের ফেলানী, আমরা তোমাকে ভুলিনি’, ‘ভারতের গোলামি চলবে না, চলবে না’।

মার্চ থেকে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অভিযোগ করেন যে, আওয়ামী লীগের শাসনামলে ভারত বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতিতে হস্তক্ষেপ করে এ দেশের মানুষের ভোটাধিকার ও মানবাধিকার লঙ্ঘন করেছে। তারা শহীদ হাদি ভাইকে ষড়যন্ত্র করে হত্যা করার অভিযোগও তোলেন।

এনসিপি নেতারা দাবি জানান, বাংলাদেশে নগ্নভাবে হস্তক্ষেপের জন্য আন্তর্জাতিকভাবে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং গুম-খুনের সঙ্গে জড়িত সব কর্মকর্তাকে বিচারের আওতায় আনতে হবে।

তারা আরও বলেন, এখনো বিএসএফ বাংলাদেশিদের হত্যা করছে এবং সারা বিশ্বের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তে এমন হত্যাকাণ্ড বেশি ঘটছে। তারা আসন্ন নির্বাচনকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন হিসেবে উল্লেখ করে বলেন, এই নির্বাচনে ওয়াশিংটন, মস্কো, বেইজিং কিংবা দিল্লির কোনো হস্তক্ষেপ তারা মানবেন না।