সাবেক মেয়র আতিকুল ইসলাম ও তার পরিবারের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

0
67

ঢাকার উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলাম, তার স্ত্রী শায়লা সাগুফতা ইসলাম এবং কন্যা বুশরা আফরীনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ প্রদান করেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে দাখিল করা দুদকের আবেদন সূত্রে জানা যায়, সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, টেন্ডারে অনিয়ম করে মশার লার্ভা নিধনের যন্ত্র ক্রয়ে সরকারি অর্থের অপচয়, দুর্নীতি এবং অর্থ পাচারসহ বিভিন্ন গুরুতর অভিযোগের অনুসন্ধান চলছে। প্রাথমিক অনুসন্ধানে আতিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন এলাকা ছাড়াও কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে।

দুদক তাদের আবেদনে আরও উল্লেখ করেছে যে, সংশ্লিষ্ট অভিযুক্তরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার এবং তাদের স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তারা বিদেশে পালিয়ে গেলে চলমান অনুসন্ধান প্রক্রিয়া গুরুতরভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনের ওপর বিধিনিষেধ আরোপ করা জরুরি হয়ে পড়েছিল।

উল্লেখ্য, গত বছরের ১৬ অক্টোবর রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন এবং বিভিন্ন মামলায় তাকে একাধিকবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার তার পরিবারের সদস্যদের ওপরও আইনি এই কড়াকড়ি আরোপ করা হলো।