জকসু নির্বাচনের ১৪ কেন্দ্রের ফলাফল প্রকাশ, ভিপিতে এগিয়ে ছাত্রদল

0
52

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের এখন পর্যন্ত প্রকাশিত ১৪টি কেন্দ্রের ফলাফলে ভিপি (সহসভাপতি) পদে এগিয়ে রয়েছে ছাত্রদল, আর জিএস (সাধারণ সম্পাদক) পদে এগিয়ে আছে ইসলামী ছাত্রশিবির।

ভিপি পদে ছাত্রদলের প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ১ হাজার ৮১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবিরের রিয়াজুল পেয়েছেন ১ হাজার ৫৭৬ ভোট। ফলে ভিপি পদে ২৩৪ ভোটের ব্যবধানে ছাত্রদল এগিয়ে রয়েছে।

অন্যদিকে জিএস পদে প্রকাশিত ফলাফলে এগিয়ে আছে ছাত্রশিবির। শিবিরের প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১ হাজার ৫৮৭ ভোট। ছাত্রদলের প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭৯৩ ভোট।

এছাড়া এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে শিবিরের প্রার্থী মাসুদ রানা পেয়েছেন ১ হাজার ৪৬৬ ভোট, আর ছাত্রদলের তানজিল পেয়েছেন ১ হাজার ২৯৭ ভোট।

যে ১৪টি কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে, সেগুলো হলো ফার্মেসি, ভূগোল ও পরিবেশ, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, সিএসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফিন্যান্স, বায়োকেমেস্ট্রি, দর্শন, চারুকলা, জুলজি, মার্কেটিং ও বোটানি বিভাগ।

গতকাল ওএমআর পদ্ধতিতে ভোট গণনার সময় কিছুক্ষণের জন্য কার্যক্রম বন্ধ থাকলেও পরে এসব কেন্দ্রের ফলাফল জানা যায়। এখনো কেন্দ্রীয় সংসদ ও হল সংসদসহ আরও ২৫টি কেন্দ্রের ফলাফল প্রকাশ বাকি রয়েছে।