ডিবি পুলিশ পরিচয়ে মহাসড়কে ফিল্মি কায়দায় পিকআপ লুট, ৫ ডাকাত গ্রেপ্তার

0
53

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে মহাসড়কে ফার্নিচার বোঝাই একটি পিকআপ লুটের ঘটনায় জড়িত পাঁচজন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ডাকাতদের লুণ্ঠিত পিকআপটিও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন: বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার শহিদুল ইসলাম ওরফে সোহেল মোল্লা (২৬), বরিশাল মহানগরের সজিব হোসেন ওরফে তারেক (৩১), ঝালোকাঠি জেলার নলসিটি উপজেলার সুমন হাওলাদার (৩২) ও ড্রাইভার রাজিব (৩২) এবং ঝালোকাঠি সদর উপজেলার আলাউদ্দিন (৩২)।

শাজাহানপুর থানা পুলিশ জানায়, শনিবার (৩ জানুয়ারি) দুপুরে বরিশাল মহানগরীর নতুন বাজার এলাকা থেকে প্রথমে সোহেল মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বরিশাল মহানগর এলাকা থেকে একে একে সুমন হাওলাদার, সজিব ওরফে তারেক এবং ড্রাইভার রাজিবকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে ঢাকার যাত্রাবাড়ী এলাকার একটি গ্যারেজ থেকে লুণ্ঠিত পিকআপটি উদ্ধার করা হয় এবং গ্যারেজ মালিক আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

গত বছরের ১২ আগস্ট রাতে কেরানীগঞ্জ থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ফার্নিচার বোঝাই একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-২১-১৬৬৪) নিয়ে রওনা হন চালক আল-আমিন। ভোরে বগুড়ার শাজাহানপুর উপজেলার ঢাকা–বগুড়া মহাসড়কের বি-ব্লক ওভারপাস এলাকায় পৌঁছালে ঘটনাটি ঘটে।

প্রায় ১৪-১৫ জনের একটি ডাকাত দল তিনটি প্রাইভেটকারে এসে পুলিশের ব্যবহৃত সিগন্যাল লাইট জ্বালিয়ে পিকআপটির গতিরোধ করে। তারা ডিবি পুলিশ পরিচয়ে চালক ও হেলপারকে হাতকড়া পরিয়ে গামছা দিয়ে চোখ ও হাত বেঁধে একটি প্রাইভেটকারে তুলে নেয়। পরে বগুড়া সদর উপজেলার দ্বিতীয় বাইপাসের ঘুনিয়াতলা এলাকায় চালক ও হেলপারকে ফেলে রেখে ফার্নিচার বোঝাই পিকআপটি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।

এই ঘটনায় লুণ্ঠিত পিকআপটির মালিক আরিফ হোসেন পরদিন ১৩ আগস্ট শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেন। শাজাহানপুর থানার ওসি মুহা. তৌহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মঙ্গলবার (৬ জানুয়ারি) আদালতে প্রেরণ করা হয়েছে।