গাজীপুরে এনসিপি নেতাকে লক্ষ্য করে গুলি, মোটরসাইকেল ছিনতাই

0
33

গাজীপুরে এনসিপির এক নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। তবে সৌভাগ্যক্রমে তার শরীরে কোনো গুলি লাগেনি। তিনি এনসিপির গাজীপুর মহানগর কমিটির সদস্য হাবিব চৌধুরী।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে নগরীর বাসন থানার মোগরখাল জুগীতলা এলাকায় এ ঘটনা ঘটে।

এনসিপির গাজীপুর মহানগর আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুল্লা আল মুহিম জানান, হাবিব চৌধুরী অনলাইনে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন। সেই সূত্র ধরে এক যুবক মোটরসাইকেল কেনার কথা বলে তাকে মোগরখাল এলাকার একটি নিরিবিলি স্থানে নিয়ে যায়। সেখানে মোটরসাইকেল চালিয়ে দেখার কথা বলে দুই ছিনতাইকারী পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটায়। মোটরসাইকেল চালু করার পর তারা হাবিব চৌধুরীকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়।

ভুক্তভোগী হাবিব চৌধুরী বলেন, ছিনতাইকারীরা তার মোটরসাইকেলের প্রকৃত মূল্যের চেয়ে কিছুটা বেশি দাম প্রস্তাব করেছিল। মোটরসাইকেল দেখানোর সময় একজন কাগজপত্র নেয় এবং অন্যজন চালিয়ে দেখার কথা বলে কিছুটা দূরে গিয়ে হঠাৎ তার দিকে দুটি গুলি ছোড়ে। এরপর তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং কেন এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।