নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যাচ্ছে না বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

0
33

ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড এবং উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পর্যাপ্ত নিরাপত্তার নিশ্চয়তা না থাকায় খেলোয়াড় ও সমর্থকদের ঝুঁকির মুখে ঠেলে দিতে চায় না সরকার।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “উপদেষ্টা আসিফ নজরুল যে অবস্থান নিয়েছেন, আমি তাকে পূর্ণ সমর্থন করি। একজন ক্রিকেটারের জন্য যদি সীমিত সময়ের নিরাপত্তাই নিশ্চিত করা সম্ভব না হয়, তবে পুরো একটি জাতীয় দল এবং তাদের সমর্থকদের নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন থেকে যায়।”

তিনি আরও যোগ করেন, বর্তমান পরিস্থিতিতে ভারতীয় সংস্থাগুলোর পক্ষে কার্যকর নিরাপত্তা দেওয়া অত্যন্ত কঠিন হবে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাংলাদেশ বিশ্বকাপ খেলবে ঠিকই, তবে তা ভারতের মাটিতে নয়, বরং ভারতের বাইরে অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে।

ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তের পাশাপাশি দেশটি থেকে চাল ও তেল আমদানির বিষয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি স্পষ্ট করেন যে, খেলার বিষয়টি মানুষের নিরাপত্তার সঙ্গে জড়িত, কিন্তু আমদানি বাণিজ্য আমাদের জাতীয় স্বার্থের অংশ। যেখানে দেশের স্বার্থ রক্ষিত হয়, সেখানে কোনো জটিলতা থাকা উচিত নয়। যদি ভারত থেকে কম দামে চাল বা তেল পাওয়া যায় এবং তা আমাদের প্রয়োজন হয়, তবে আমদানি চালিয়ে যেতে কোনো সমস্যা দেখেন না তিনি।

তবে নাগরিক ও ক্রীড়াবিদদের জীবনের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন তিনি।