নির্বাচনকালীন দায়িত্ব পালনে জেলা প্রশাসকদের (ডিসি) কোনো ধরনের বিচ্যুতি বা অনিয়ম পরিলক্ষিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই হুঁশিয়ারি দেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, নির্বাচন পরিচালনায় জেলা প্রশাসকদের ভূমিকা নির্বাচন কমিশনের সার্বক্ষণিক নজরদারিতে থাকবে। ঢালাও কোনো অভিযোগের ভিত্তিতে নয়, বরং কোনো নির্দিষ্ট স্থানে বাস্তব সমস্যা বা অনিয়মের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা মনে করছি জেলা প্রশাসকরা প্রস্তুত ও দায়িত্ব পালনের জন্য যোগ্য। তবে দায়িত্ব পালনে কোনো বিচ্যুতি চোখে পড়লে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।’
তফসিল ঘোষণার আগে নিয়োগপ্রাপ্ত নতুন জেলা প্রশাসকদের অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠার প্রসঙ্গে ড. শেখ আব্দুর রশীদ আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, অভিজ্ঞতা জন্মগত কোনো বিষয় নয়, কাজের মাধ্যমেই তা অর্জিত হয়। সঠিক মনোভাব ও নৈতিকতা বজায় থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব।
তিনি আরও বলেন, প্রশাসনের কর্মকর্তারা যদি সঠিক পথে থাকেন, তবে তারা এই দায়িত্ব পালনে শতভাগ সফল হবেন। মন্ত্রিপরিষদ সচিবের এই বক্তব্য আসন্ন নির্বাচনে প্রশাসনের দায়বদ্ধতা নিশ্চিত করতে সরকারের কঠোর অবস্থানেরই ইঙ্গিত দেয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।