মুসাব্বির হত্যা নির্বাচনে প্রভাব ফেলবে না, এটি বিচ্ছিন্ন ঘটনা: সালাহউদ্দিন

0
41

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডকে একটি ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, এ ধরনের ঘটনা আসন্ন জাতীয় নির্বাচনে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করে বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার হীন উদ্দেশ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। তবে তিনি জোর দিয়ে বলেন, সব রাজনৈতিক দলই নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকায় শেষ পর্যন্ত সফলভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হবে।

উল্লেখ্য, গত বুধবার রাতে কারওয়ান বাজার এলাকায় বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মুসাব্বির। এ ঘটনায় তার সঙ্গে থাকা আবু সুফিয়ান মাসুদ নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নির্বাচনের পরিবেশ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অন্য রাজনৈতিক দলগুলোর অভিযোগ প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, এ বিষয়ে কারও কোনো অভিযোগ থাকলে তা নির্বাচন কমিশনকে (ইসি) জানানো উচিত।

এছাড়া দলীয় মনোনয়ন প্রসঙ্গে তিনি জানান, বৃহৎ দল হিসেবে অনেক যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদের অনেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রয়োজনে আরও আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন উত্তরবঙ্গ সফর নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এই সফর মূলত জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে। শহীদদের কবর জিয়ারত করা জাতির প্রত্যাশার অংশ। তাই এই সফরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।