১০৪টি দেশে ৭ লাখ প্রবাসীর কাছে পৌঁছাল পোস্টাল ব্যালট

0
45

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার জন্য বিশ্বের ১০৪টি দেশে অবস্থানরত ৭ লাখ ২৮ হাজার ২৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।

সবচেয়ে বেশি ব্যালট পাঠানো হয়েছে সৌদি আরবে, যেখানে ২ লাখ ২৩ হাজার ৯৪৩ জন প্রবাসী তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এ ছাড়া মালয়েশিয়ায় ৮৩ হাজার ৮২৭ জন এবং কাতারে ৭৪ হাজার প্রবাসীর কাছে ব্যালট পৌঁছেছে। গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত নতুন করে বিশ্বের বিভিন্ন দেশে ৫০ হাজার ৭৯০ জন প্রবাসীর কাছে ব্যালট পাঠানো হয়েছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নিবন্ধিত বাকি প্রবাসীদের কাছেও দ্রুততম সময়ে পোস্টাল ব্যালট পৌঁছে দেওয়ার কাজ চলছে। তবে ব্যালটের গোপনীয়তা রক্ষার বিষয়ে ভোটারদের সতর্ক করে দেওয়া হয়েছে। কেউ যদি ব্যালটের গোপনীয়তা লঙ্ঘন করেন, তবে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে কমিশন।

নির্বাচন কমিশনের তথ্যমতে, এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে দেশের ভেতরে (ইন-কান্ট্রি) ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন এবং প্রবাস থেকে ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন ভোটার নিবন্ধিত হয়েছেন।