শৈত্যপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

0
47

সারা দেশে শীতের প্রকোপ আরও বেড়েছে। মাঘ মাস শুরু হওয়ার আগেই পৌষের শেষ ভাগে জেঁকে বসেছে হাড়কাঁপানো ঠান্ডা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের ২৪টি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই পরিস্থিতি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, চলমান এই শৈত্যপ্রবাহ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা নেই। এটি সামগ্রিকভাবে এক সপ্তাহেরও বেশি সময় স্থায়ী হতে পারে। এই সময়ের মধ্যে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়ে নতুন কিছু জেলা শৈত্যপ্রবাহের আওতায় আসতে পারে, আবার কিছু জেলা থেকে তা কমেও যেতে পারে। তবে সামগ্রিকভাবে শীতের এই তীব্রতা অন্তত আরও এক সপ্তাহ বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার তথ্য বিশ্লেষণে দেখা যায়, বর্তমানে রংপুর ও রাজশাহী বিভাগের সবকটি জেলা ছাড়াও গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় শৈত্যপ্রবাহ বইছে। যদিও আগের দিন দেশের ৪৪টি জেলা শৈত্যপ্রবাহের কবলে ছিল, তবে বৃহস্পতিবার তা কমে ২৪টিতে দাঁড়িয়েছে। তা সত্ত্বেও উত্তুরে হাওয়ার কারণে সারা দেশেই শীতের দাপট প্রবল রয়েছে।

পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। আগামী কয়েক দিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে শৈত্যপ্রবাহের প্রভাবে স্বাভাবিক জনজীবনে স্থবিরতা ও দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।