আপিল বিভাগের আদেশে পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত

0
18

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি জানান, আপিল বিভাগের নির্দেশনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ৫ জানুয়ারি পাবনা-১ ও পাবনা-২ আসনে আগের সীমানা পুনর্বহাল সংক্রান্ত নির্বাচন কমিশনের ২৪ ডিসেম্বর প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তির একটি অংশ স্থগিত করেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসন পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন গত বছরের ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করে। সেখানে সাঁথিয়া উপজেলার পুরো অংশ নিয়ে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে পাবনা-২ আসন নির্ধারণ করা হয়।

এই গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম এবং সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাঈদ হাইকোর্টে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি শেষে গত ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করেন এবং চূড়ান্ত শুনানি শেষে ১৮ ডিসেম্বর রুল অ্যাবসলিউট ঘোষণা করে রায় দেন।

রায়ে পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্তকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হয়। একই সঙ্গে পাবনার সংসদীয় আসন দুটি আগের অবস্থায় ফিরিয়ে এনে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে গত ২৪ ডিসেম্বর সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে পুরো সাঁথিয়া উপজেলা, বেড়া পৌরসভা এবং বেড়া উপজেলার চারটি ইউনিয়ন (হাটুরিয়া নাকালিয়া, নতুন ভারেংগা, চাকলা ও কৈটোলা) নিয়ে পাবনা-১ আসন এবং বেড়া উপজেলার বাকি পাঁচটি ইউনিয়ন ও পুরো সুজানগর উপজেলা নিয়ে পাবনা-২ আসন গঠন করা হয়।

আপিল বিভাগের সর্বশেষ আদেশের ফলে এই দুই আসনের নির্বাচন কার্যক্রম আপাতত স্থগিত থাকছে।