চাঁপাইনবাবগঞ্জে বিদেশি অস্ত্র ও গুলি জব্দ

0
30

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আজমতপুর সীমান্ত থেকে দুটি বিদেশি ওয়ান শুটারগান ও ৯ রাউন্ড গুলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৯ জানুয়ারি) ৫৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে অভিযান চালিয়ে এসব অস্ত্র জব্দ করা হলেও, ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্ত এলাকায় কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে। গোয়েন্দা তথ্যের মাধ্যমে অধিনায়ক জানতে পারেন, অস্ত্রের কয়েকটি চালান এই সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। সেই লক্ষ্যে গত দুই মাস যাবত এই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৭৫ কিলোমিটার সীমান্ত এলাকায় নিজস্ব গোয়েন্দা, টহল তৎপরতাসহ কঠোর নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে আজমতপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৮২/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘা গ্রামস্থ একটি আমবাগানে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে টহল দল মালিকবিহীন অবস্থায় দুটি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অস্ত্রগুলো দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করার পরিকল্পনা ছিল। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সাধারণ ডায়েরি (জিডি) করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া প্রেস ব্রিফিংয়ে আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুষ্কৃতকারীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালানের চেষ্টা করছে। তবে বিজিবিও এ বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে। তিনি জানান, গত ছয় মাসে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন ছয়টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১২ রাউন্ড গুলিসহ দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে।