ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস–ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ১৫

0
49

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ট্রাককে ধাক্কা দিলে একজন নিহত হয়েছেন এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম তারেক (৪৫)। তিনি দুর্ঘটনাকবলিত বাসটির সুপারভাইজার ছিলেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকামুখী পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস এক্সপ্রেসওয়ের নিমতলি এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাককে সজোরে পেছন থেকে ধাক্কা দেয়। সংঘর্ষে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা আটকে পড়েন। ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার তারেকের মৃত্যু হয় এবং আরও অন্তত ১৫ জন আহত হন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সিরাজদিখান ও শ্রীনগর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। নিহতের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়া হলে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।