চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি নাফিজ আহমেদ অয়ন, পেশায় মার্চেন্ট নেভির সদস্য। তার বাড়ি মিরসরাই উপজেলার মসজিদিয়া গ্রামে। ১০ দিনের ছুটি শেষে ঢাকা হয়ে মাদারীপুরে নিজ কর্মস্থলে ফিরছিলেন তিনি। অপর দুই নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বারইয়ারহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। ঘটনাস্থল থেকেই তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নিহতদের মধ্যে একজন নেভির তরুণ কর্মকর্তা ছিলেন।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধারকাজ পরিচালনা করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাঠবোঝাই একটি ট্রাকে সেন্টমার্টিন ট্রাভেলসের একটি স্লিপার বাস সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় হতাহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ চলছে।
দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।