প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা, দুইজন আটক

0
37

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী দুইজনকে আটক করেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ভবনের সামনে থেকে মাহবুব নামের এক ব্যক্তিকে যৌথ বাহিনী আটক করে। পরে রাত আনুমানিক ২টার দিকে তাকে শেরে বাংলা নগর থানায় হস্তান্তর করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, আটক মাহবুব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রশ্নফাঁস চক্রের আরেক সদস্য বিল্লাল হোসেনকে টাঙ্গাইল থেকে র‍্যাব গ্রেপ্তার করে।

অভিযোগে বলা হয়, আসন্ন প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁসের প্রলোভন দেখিয়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছিল এই চক্র। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রশ্নপত্রের ক্রেতা সেজে অভিযান চালিয়ে মাহবুবকে আটক করা হয়।

এদিকে একই দিন রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গোয়েন্দা পুলিশ আরও দুইজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনসহ আধুনিক ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়।

উল্লেখ্য, আজ শুক্রবার (৯ জানুয়ারি) প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর ৩টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত তিন পার্বত্য জেলা ছাড়া সারা দেশে একযোগে এই পরীক্ষা নেওয়া হবে।