স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যা: মূল শুটারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি

0
15

রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান শুটারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত গভীর রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিবির একজন শীর্ষ কর্মকর্তা এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের প্রধান শুটার জিনাত এবং মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহভাজন বিল্লাল রয়েছেন। গ্রেপ্তার হওয়া তৃতীয় ব্যক্তি তাদের সহযোগী বলে জানিয়েছে পুলিশ।

গত বুধবার রাতে কারওয়ান বাজার ও তেজতুরি বাজার সংলগ্ন এলাকায় মুসাব্বিরকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে তিনি নিহত হন। এ ঘটনায় আবু সুফিয়ান মাসুদ নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হত্যাকাণ্ডের পর বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর তেজগাঁও থানায় মুসাব্বিরের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়।

ওই মামলায় অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করা হয়েছিল। মামলার পরপরই ছায়া তদন্তে নামে গোয়েন্দা পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে এই সফল অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।