‘আওয়ামী লীগের সন্ত্রাসীদের জামিনের দায় বিচারপতিদের’— আইন উপদেষ্টা

0
39

আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী হিসেবে চিহ্নিত ব্যক্তির জামিন দেওয়ার দায় বিচারপতিদের—এমন মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তার দাবি, এ ধরনের জামিনের ক্ষেত্রে সমালোচনার লক্ষ্য হওয়া উচিত আদালত ও বিচারপতিরা, আইন উপদেষ্টা নয়।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে রাজনৈতিক দল, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে এক সংলাপে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, “আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীর জামিন হয়েছে, এর দায় বিচারপতিদের। প্রধান বিচারপতির দায়িত্ব ছিল, যদি বিচারপতিরা অযৌক্তিকভাবে জামিন দেন, তাহলে তাদের অপসারণ করা। আওয়ামী লীগের আমলে প্রধান বিচারপতির বিরুদ্ধে আমরা সমালোচনা করেছি, এখন কেন তাকে নিয়ে কথা বলেন না?”

হাইকোর্টের জামিন আদেশ নিয়ে আইন উপদেষ্টাকে দায়ী করার সমালোচনা করে তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের রায় বাতিল হলে তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হক কি আইনমন্ত্রীকে দোষ দিয়েছিলেন? শামসুদ্দিন মানিকের উদ্ভট কর্মকাণ্ডের জন্য কাকে দায়ী করেছিলেন? তাহলে এখন কেন আইনমন্ত্রীর (আইন উপদেষ্টার) ঘাড়ে সব দোষ চাপাচ্ছেন—যেসব বিষয়ের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই?”

সমালোচনার পেছনে “রাজনৈতিক এজেন্ডা” আছে মন্তব্য করে তিনি বলেন, “আমাকে দুই কারণে দোষ দেওয়া হয়। প্রথমত, এতে ভিউ ভালো হয়, ব্যবসা ভালো হয়, মনিটাইজেশন হয়—‘আসিফ নজরুল’ নামে একটা গালি দিলে একটু টাকা আসে। দ্বিতীয়ত, এখানে বিশেষ একটা রাজনৈতিক এজেন্ডা আছে—আমাকে দুর্বল করলে সেই এজেন্ডা বাস্তবায়ন সহজ হয়।”

অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার পদত্যাগের ইচ্ছার কথাও তুলে ধরেন তিনি। আসিফ নজরুল বলেন, “অন্তত তিন–চারজন উপদেষ্টা বিভিন্ন সময় পদত্যাগ করতে চেয়েছেন। এই অন্যায় আক্রমণ, অন্যায় সমালোচনা, সারাক্ষণ গালাগালি, অশ্লীল অশ্রাব্য ভাষা, প্রাণনাশের আশঙ্কা—এ রকম অবর্ণনীয় জীবন কে উপভোগ করে?”

প্রধান উপদেষ্টার বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন, ‘এটা একটা দল। একজন পদত্যাগ করলে আরেকজনের মনোবল নষ্ট হবে, আরও দাবি আসবে, আমরা কোনো কাজ করতে পারব না। শুধু কাজ করে যাও।’ তাই কাজ করেই যাচ্ছি। যতদিন বাংলাদেশে থাকব, সব কিছুর জবাব দেব।”