ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ থেকে আপিল নিষ্পত্তির শুনানি শুরু

0
35

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। আজ শনিবার (১০ জানুয়ারি) থেকে এসব আপিল নিষ্পত্তির শুনানি শুরু হচ্ছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি অনুষ্ঠিত হবে। টানা ১৮ জানুয়ারি পর্যন্ত এই শুনানি চলবে।

কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী—

  • শনিবার (১০ জানুয়ারি): ১–৭০ নম্বর আপিল

  • রোববার (১১ জানুয়ারি): ৭১–১৪০ নম্বর আপিল

  • সোমবার (১২ জানুয়ারি): ১৪১–২১০ নম্বর আপিল

  • মঙ্গলবার (১৩ জানুয়ারি): ২১১–২৮০ নম্বর আপিল

পরবর্তী আপিলগুলোর শুনানির তারিখ ও সময়সূচি শিগগিরই জানানো হবে বলে জানিয়েছে কমিশন।

গতকাল শুক্রবার শেষ দিনে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিল আবেদনকারীরা নির্বাচন কমিশনে উপস্থিত হন। কমিশনের তথ্য অনুযায়ী, আপিলকারীদের বড় অংশই স্বতন্ত্র প্রার্থী। এক শতাংশ সমর্থন প্রমাণে ব্যর্থতা, সমর্থকদের স্বাক্ষরে গড়মিল, ঋণখেলাপি থাকা এবং মনোনয়নপত্র অসম্পূর্ণ থাকার কারণে অধিকাংশ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছিল।

তবে এসব ত্রুটি সংশোধনের জন্য আবেদনকারীদের সুযোগ দেওয়া হয়েছিল। নির্বাচনী তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে।