মব দমন না করা হলে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।
শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের প্রার্থীদের প্রার্থিতা ফিরে পাওয়ার শুনানি শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জাপা মহাসচিব বলেন, “ইসির দাঁত আছে। কিন্তু শুধু দাঁত থাকলে হবে না, দাঁতসহ কামড় দিতে হবে। নির্বাচন কমিশনকে মব দমন করতে হবে।” তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে পুরো দেশের পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে এবং বর্তমান সরকারকেও নিয়ন্ত্রণে রাখতে হবে।
মব পরিস্থিতির কারণে জাপার অনেক প্রার্থী মনোনয়নপত্রের ছোটখাটো ত্রুটি সংশোধন করতে পারেননি বলেও অভিযোগ করেন তিনি।
দলের মনোনয়ন পরিস্থিতি তুলে ধরে শামীম হায়দার পাটোয়ারী বলেন, জাতীয় পার্টি থেকে ২৪৪ জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এর মধ্যে ২২৪ জন মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং কর্মকর্তারা ৩০ জনের মনোনয়নপত্র বাতিল করেন। এদের মধ্যে ২৫ জনের বেশি প্রার্থী আপিল করেন। প্রথম দফার শুনানিতে চারজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং একটি আবেদন এখনো পেন্ডিং রয়েছে। বাকি আপিলগুলোতেও ইতিবাচক ফলের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।