হজযাত্রীদের ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক, সময়সীমা ২৫ জানুয়ারি

0
34

হজযাত্রীদের টিকা গ্রহণের আগে স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা আগামী ২৫ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে। এসব পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে টিকা গ্রহণ করে স্বাস্থ্য সনদ নিতে হবে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

গত ৬ জানুয়ারি হজযাত্রীদের টিকা নেওয়ার পূর্বে স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে মন্ত্রণালয়। এতে বলা হয়, ২০২৬ সালের হজযাত্রীদের টিকা গ্রহণের আগে নির্ধারিত সময়ের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশিত পরীক্ষা শেষ করতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে ইউরিন আর/এম/ই (Urine R/M/E), র‍্যান্ডম ব্লাড সুগার (RBS), এক্স-রে চেস্ট পি/এ ভিউ (রিপোর্টসহ), ইসিজি (রিপোর্টসহ), সিরাম ক্রিয়েটিনিন, সিবিসি (CBC with ESR) এবং ব্লাড গ্রুপিং ও আরএইচ টাইপিং। পাশাপাশি প্রযোজ্য ক্ষেত্রে দুরারোগ্য ব্যাধি শনাক্তে অতিরিক্ত কিছু পরীক্ষাও করার নির্দেশনা দেওয়া হয়েছে।

দুরারোগ্য বা জটিল রোগ সন্দেহ হলে আলাদা পরীক্ষার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে। হৃদপিণ্ডের অকৃতকার্যতা সন্দেহ হলে ইকোকার্ডিওগ্রাফি, কিডনি জটিলতায় সিরাম ক্রিয়েটিনিন ও কিইউবি আল্ট্রাসনোগ্রাফি (USG of KUB), লিভার সিরোসিস সন্দেহে পুরো অ্যাবডোমেনের ইউএসজি এবং আপার জিআইটি এন্ডোস্কপি, আর দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ নির্ণয়ে স্পুটাম ফর এএফবি, বুকের সিটি স্ক্যান, সিরাম বিলিরুবিন, এসজিপিটি এবং অ্যালবুমিন-গ্লোবুলিন রেশিও পরীক্ষার কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হজযাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং ই-হেলথ প্রোফাইলের কপি টিকা কেন্দ্রে মেডিকেল টিমের কাছে জমা দিয়ে টিকা গ্রহণ করতে হবে এবং এরপর স্বাস্থ্য সনদ সংগ্রহ করতে হবে। প্রয়োজনীয় তথ্যের জন্য হজের কল সেন্টার ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবার বাংলাদেশ থেকে প্রাথমিক নিবন্ধিত সাড়ে ৭৮ হাজার হজযাত্রী হজ পালনের সুযোগ পাবেন।