চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গণেশকে (১৯) গ্রেফতার করেছে র্যাব-৭। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের কোতোয়ালি থানার লালদীঘি এলাকার জেলা পরিষদ সুপার মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার গণেশ কোতোয়ালি থানাধীন সেবক কলোনির শরিফ দাশের ছেলে। গ্রেফতারের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, অ্যাডভোকেট আলিফ হত্যার পর থেকে গণেশ আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।
২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।
২০২৫ সালের জুনে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। পরবর্তীতে আদালত তদন্ত ও শুনানি শেষে মোট ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন। তদন্তে এজাহারনামীয় তিনজনের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করা হলেও নতুন করে চিন্ময় কৃষ্ণ দাসসহ আরও ১০ জনকে মামলার আসামি করা হয়।
চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টাও অব্যাহত রয়েছে।