ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

0
27

পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর গ্রামে একটি ভাড়া বাসা থেকে অনিক হাসান (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় মৃত রুহুল ড্রাইভারের মালিকানাধীন ওই ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনিক হাসান দিয়াড় সাহাপুর গ্রামের রানা সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, অনিক হাসান নিষিদ্ধ ঘোষিত সর্বহারা দলের সদস্য ছিলেন। ঈশ্বরদীসহ বিভিন্ন থানায় হত্যা ও অস্ত্র আইনে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে তারা দাবি করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অনিকের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, অনিক হাসান পাকশীর ছাত্রলীগ নেতা মনা হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি ছিলেন।