খুলনার রূপসা উপজেলায় আব্দুল রাশেদ ওরফে বিকুল নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত বিকুল আব্দুল আওয়ালের ছেলে। রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কদমতলা বালুর মাঠ এলাকায় বিকুলকে লক্ষ্য করে দুবৃত্তরা গুলি চালায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত বিকুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।