রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী ও ‘ফাউন্ডেশন ফর এনকারেজমেন্ট অব সোশ্যাল কন্ট্রিবিউশন’-এর প্রধান আকি আবে।
রবিবার (১১ জানুয়ারি) দুপুরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে সাংবাদিকদের জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার।
তিনি জানান, আকি আবে বর্তমানে তার ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে বাংলাদেশ সফরে রয়েছেন। সাক্ষাৎকালে আকি আবে তার প্রয়াত স্বামী শিনজো আবের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের ব্যক্তিগত ও আন্তরিক সম্পর্কের কথা স্মরণ করেন। আলোচনার একপর্যায়ে তিনি নির্বাচন-পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টার ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মধারা সম্পর্কে জানতে চান।
জবাবে প্রধান উপদেষ্টা জানান, নির্বাচন-পরবর্তী সময়ে তিনি মূলত তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করতে আগ্রহী। এর মধ্যে রয়েছে দেশের নারী ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে একটি ডিজিটাল হেলথকেয়ার ব্যবস্থা গড়ে তোলা। এই ব্যবস্থার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরাও দূর থেকে ডিজিটাল পদ্ধতিতে দেশে থাকা স্বজনদের স্বাস্থ্যসংক্রান্ত খোঁজখবর ও প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন। পাশাপাশি তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে সামাজিক ব্যবসা ও উন্নয়ন খাতে তিনি তার পূর্ববর্তী কাজের ধারাবাহিকতা বজায় রাখবেন বলে জানান।
সাক্ষাৎকালে ড. মুহাম্মদ ইউনূস আরও জানান, আগামী মার্চ মাসের তৃতীয় সপ্তাহে তিনি জাপান সফরে যাবেন। ‘সাসাকো ফাউন্ডেশন’-এর আমন্ত্রণে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে তিনি অংশ নেবেন, যা মূলত সমুদ্র গবেষণা বা ওশেন রিসার্চ নিয়ে কাজ করে। এ সফরে জাপানের সঙ্গে বাংলাদেশের প্রযুক্তিগত ও গবেষণামূলক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।