বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করল ইসি

0
21

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে নাগরিক ঐক্যের মনোনীত প্রার্থী ও দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানির দ্বিতীয় দিনে কমিশন তাঁর মনোনয়ন বৈধ বলে রায় দেয়।

এর আগে গত ২ জানুয়ারি তথ্যে অসংগতি ও মামলার তথ্য গোপনের অভিযোগে মান্নার মনোনয়নপত্র বাতিল করেছিলেন বগুড়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে মাহমুদুর রহমান মান্না নির্বাচন কমিশনে আপিল করেছিলেন।

শুনানি শেষে মান্নার আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব সাংবাদিকদের জানান, মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে থাকা দুটি মামলায় পুলিশি চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দেওয়া হয়েছিল, ফলে তিনি অভিযুক্ত ছিলেন না। এ ছাড়া হলফনামায় স্বাক্ষরের তারিখের সামান্য ভুলকে ‘মামুলি’ হিসেবে গণ্য করে নির্বাচন কমিশন তাঁর আপিল মঞ্জুর করেছে। এর ফলে মাহমুদুর রহমান মান্না এখন বগুড়া-২ আসনের একজন বৈধ প্রার্থী।

ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। গত ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আপিল শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন ক্রমানুসারে ৭০টি করে আপিল নিষ্পত্তি করছে কমিশন। প্রথম দিনে ৭০টি আপিলের মধ্যে ৫২ জন বৈধতা পেয়েছিলেন। আজ দ্বিতীয় দিনে ৭১ থেকে ১৪০ নম্বর আপিল শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

ঘোষিত সংশোধিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন। আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মাহমুদুর রহমান মান্না নির্বাচনী মাঠে ফেরায় বগুড়া-২ আসনের লড়াই আরও জমজমাট হবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।