রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মশিউল আজম চুন্নুসহ দুইজনকে অস্ত্র ও মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। রোববার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার দুবলাবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার মশিউল আজম চুন্নু বালিয়াকান্দি ইউনিয়নের শেখপাড়া এলাকার বাসিন্দা, তার বাবার নাম আব্দুর রশিদ। অপরজন তার সহযোগী, একই এলাকার রফিক শেখের ছেলে হৃদয় শেখ।
রাজবাড়ী আর্মি ক্যাম্পের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে লে. কর্নেল আব্দুল্লাহ আল মারুফের নেতৃত্বে দুবলাবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছে পাওয়া যায়—একটি এয়ার রাইফেল, তিনটি ওয়াকিটকি, চারটি ওয়াকিটকি চার্জার, দুটি চাকু, এক বোতল বিদেশি মদ, চারটি খালি মদের বোতল, চারটি মোবাইল ফোন ও নগদ ৩৮ হাজার টাকা। পরে বিকালে তাদের রাজবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা চলমান রয়েছে।