১৮ বছর আগের আয়কর ফাঁকির মামলায় খালাস পেলেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস দুলু

0
46

আয়কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করা ১৮ বছর পুরনো একটি মামলায় খালাস পেয়েছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

রোববার (১১ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুলু আদালতে উপস্থিত ছিলেন। সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে এই মামলা থেকে নিষ্কৃতি দেন।

দুলুর আইনজীবী অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন রায়ের পর গণমাধ্যমকে বলেন, “এটি ছিল একটি হয়রানিমূলক মামলা। মামলায় এনবিআরের চারজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। কিন্তু সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আজ বিএনপি নেতা দুলুকে সব অভিযোগ থেকে খালাস দিয়েছেন।”

মামলার বিবরণ থেকে জানা যায়, ১/১১ পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ৩ আগস্ট এনবিআরের সহকারী কর কমিশনার হাফিজ আল আসাদ বাদী হয়ে কর ফাঁকির এই মামলাটি দায়ের করেছিলেন। মামলার অভিযোগে বলা হয়েছিল, ১৯৮৩ সাল থেকে শুরু করে দুলু মোট ২ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ৫০১ টাকা আয়ের বিপরীতে ১০ লাখ টাকার আয়কর ফাঁকি দিয়েছেন। এ ছাড়া তাঁর প্রকৃত আয় ও ব্যয় সম্পর্কে আয়কর বিভাগকে তিনি ভুল তথ্য দিয়েছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছিল।

দীর্ঘ ১৮ বছরের বিচারিক প্রক্রিয়া শেষে আজ মামলাটি থেকে চূড়ান্ত মুক্তি পেলেন নাটোর জেলা বিএনপির এই বর্ষীয়ান নেতা। দুলু সমর্থকদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই সে সময় তাঁর বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হয়েছিল। আদালত আজ সেই অপবাদ থেকে তাঁকে মুক্তি দিলেন।