নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বিয়ের অনুষ্ঠানে মোবাইল ফোনে ছবি তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে পৌরশহরের উত্তর দৌলতপুরের গরুহাট্টা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৮ জনকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহতরা হলেন গরুহাট্টা এলাকার লাকী আক্তার (৩৪), আরমান (২০), রিনা আক্তার (৪০), নাদিম মিয়া (৩৫), আপন মিয়া (২০), সাজিয়া আক্তার (৩৫), সুমন মিয়া (৪০) ও মিনা আক্তার (৫০)।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে গরুহাট্টা এলাকার রমজান মিয়ার ছোট বোনের বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় অনুষ্ঠানে মোবাইল ফোনে ছবি তোলা নিয়ে একই এলাকার হেলাল মিয়ার ছেলে হাসান মিয়া ও আলাল উদ্দিনের ছেলে শান্ত মিয়ার মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন।
আলাল মিয়া অভিযোগ করে বলেন, “হেলাল উদ্দিনের লোকজন ইচ্ছে করেই এমন ঘটনা ঘটিয়েছে। আমার পক্ষের লোকজনকে বেশি মারধর করা হয়েছে। আমি থানায় লিখিত অভিযোগ দেব।”
অন্যদিকে হেলাল উদ্দিন বলেন, “তুচ্ছ ঘটনা নিয়ে অযথা সংঘর্ষ হয়েছে। এ ব্যাপারে আজ থানায় লিখিত অভিযোগ দিয়ে এসেছি।”
তবে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, “এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”