আদালত চত্বরে পলকের প্রিজনভ্যানে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ডিম নিক্ষেপ

0
37

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার শুনানিতে এসে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে বহনকারী প্রিজনভ্যানকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছেন নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন শ্লোগান দেন।

সোমবার (১২ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে এই ঘটনা ঘটে। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ করতে থাকেন। এরপর দ্রুত সময়ের মধ্যে সেই প্রিজনভ্যান আদালত চত্বর ত্যাগ করেন।

জুলাই আন্দোলনের সময় মধ্য বাড্ডা থানাধীন এলাকায় দুর্জয় আহম্মেদ নামে এক যুবককে হত্যাচেষ্টা মামলায় পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক মো. গোলাম কিবরিয়া খান।

সোমবার (১২ জানুয়ারি) তাকে আদালতে আনা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাকে দেখানোর আদেশ দেন। এরপর তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।

একই সময় হাদি হত্যা মামলার শুনানি ছিল। শুনানি শেষে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সিএমএম আদালতের সামনে অবস্থান করছিলেন। জানতে পারেন পলককে আদালতে হাজির করা হয়েছে।

দুপুর দেড়টার দিকে পলককে নিয়ে একটি প্রিজন ভ্যান কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে সিএমএম আদালতের হাজতখানা থেকে বের হয়। সিএমএম আদালতের সামনে গাড়ি এলে ডিম নিক্ষেপ করেন তারা।