মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গভীর রাতে আশ্রয় নিতে আসা দম্পতিকে জিম্মি করে গৃহবধুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই আনসার সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করেছে সদর থানা পুলিশ।
রোববার (১২ জানুয়ারি) ওই হাসপাতাল থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
জানা গেছে, রোববার দিবাগত রাত দুইটার দিকে স্ত্রীকে নিয়ে এক ব্যক্তি নারায়নগঞ্জ থেকে নিজস্ব চার্জিং ভ্যান নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় নানা বাড়ি যাচ্ছিলেন । এ সময় বাসষ্ট্যান্ড এলাকায় আসার পর ভ্যান গাড়ির চার্জ শেষ হয়ে গেলে নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে গিয়ে অবস্থান নেন।
এরপর হাসপাতালের গেইটে ডিউটিরত আনসার সদস্য শাহাদাৎ হোসেন এবং আবু সাঈদ তাঁদের সহযোগিতা করার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যায়। এরপর হাসপাতালের আট তলা বিশিষ্ট নতুন ভবনের নিচ তলায় স্বামীকে রেখে ওই ভবনের দ্বিতীয় তলায় মেয়েটিকে নিয়ে যায়। এরপর আনসার সদস্যরা মেয়েটিকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে জোর পুর্বক পালাক্রমে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী মেয়েটি নীচে নেমে তাঁর স্বামীকে পুরো বিষয়টি জানালে স্থানীয়দের সহযোগীয় তাঁরা থানায় গিয়ে আনসার সদস্যদের বিরুদ্ধে সদর থানা পুলিশের কাছে মৌখিক অভিযোগ করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দায়িত্বরত সব আনসার সদস্যদের ডেকে আনলে ভুক্তভোগী মেয়েটি অভিযুক্ত দুই আনসার সদস্যদের সনাক্ত করলে পুলিশ তাঁদের আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।
সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন বলেন, ভুক্তভোগী গৃহবধুকে ভর্তি করে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে এবং অভিযুক্ত দুই আনসার সদস্যকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
সদর থানার ওসি মো. ইকরাম হোসেন জানান, মৌখিক অভিযোগের ভিক্তিতে অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।