জামায়াত আমিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

0
55

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অব মিশন (ডিসিএম) ড. লিউ ইউইন, পলিটিক্যাল ডিরেক্টর ঝাং জিং, রু কি (রাকি) এবং লিয়াং শুইন।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনায় চীন ও বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে। উভয় পক্ষই উল্লেখ করেন যে, দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব জনগণের কল্যাণ, উন্নয়ন সহযোগিতা, পারস্পরিক বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ড. যুবায়ের আহমেদ, উন্নয়ন টিম লিড দেওয়ান আলমগীর এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।