আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের তৃতীয় দিনের শুনানিতে ৪১ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ আপিল শুনানি অনুষ্ঠিত হয়।
ইসি সূত্র জানিয়েছে, তৃতীয় দিনে ৭০টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ৪০ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া গতকালের একটি আপিলও মঞ্জুর করা হয়েছে। নামঞ্জুর ২৩, অপেক্ষমাণ ৫ ও একজনের প্রার্থিতা প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন।
এর আগে শনিবার ও রোববার দুই দিনে ১৩২টি আপিল শুনানি শেষে মোট ১০৯ জন প্রার্থী আবার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় ফিরেছেন।
রিটার্নিং অফিসারদের মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধরা ইসিতে মোট ৬৪৫টি আপিল করেন। সেগুলো ১৮ জানুয়ারির মধ্যে শুনানি ও নিষ্পত্তি করবে কমিশন।