নির্বাচনী আমেজ নেই, ভোটার ও প্রার্থীরা নিরুৎসাহিত: জাতীয় পার্টির মহাসচিব

0
54

দেশে কোনো নির্বাচনী আমেজ নেই, ভোটাররা নিরুৎসাহিত এবং প্রার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন—এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, দলগুলোর মধ্যেও স্পষ্ট নিরুৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশনের আপিল বিভাগে জাতীয় পার্টির প্রার্থীদের পক্ষে শুনানিতে অংশ নিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বে জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল আপিল বিভাগে উপস্থিত ছিল।

আপিল শুনানির তৃতীয় দিনে পাঁচজন প্রার্থীর মধ্যে তিনজন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। তারা হলেন—টাঙ্গাইল-৬ আসনে মো. মামুনুর রহিম, জামালপুর-১ আসনে একেএম ফজলুল হক এবং সাতক্ষীরা-৪ আসনে মো. আব্দুর রশিদ। এ নিয়ে জাতীয় পার্টির মোট ২১ জন প্রার্থী আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেলেন।

জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ২৪৫টি আসনে প্রার্থী দিলেও প্রাথমিক যাচাইয়ে বেশ কয়েকজনের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়। এর মধ্যে প্রথম দুই দিনে ১৮ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পান। আগামী ১২ ও ১৩ জানুয়ারি আরও প্রায় ৯ জন প্রার্থীর আপিল শুনানি রয়েছে।

দলটির দফতর সম্পাদক মাহমুদ আলম বার্তা২৪.কমকে জানান, এখন পর্যন্ত জাতীয় পার্টির বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৪ জন। তবে এর আগে দলীয়ভাবে বৈধ প্রার্থীর সংখ্যা ২০৫ জন বলে জানানো হয়েছিল। দফতর সূত্র দাবি করেছে, কিছু প্রার্থীকে প্রার্থিতা অবৈধ ঘোষণার বিষয়টি যথাসময়ে অবগত না করায় তথ্য বিভ্রাটের সৃষ্টি হয়।