প্রতি ভোটকেন্দ্র ১৩ জন করে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

0
39

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে মোট ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১২ জানুয়ারি) সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে ৪১তম বিসিএস আনসার ক্যাডার কর্মকর্তা এবং রিক্রুট সিপাহিদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ১৩ জন সদস্যের মধ্যে থাকবেন ৩ জন অস্ত্রধারী, ৬ জন অস্ত্রবিহীন পুরুষ এবং ৪ জন অস্ত্রবিহীন নারী সদস্য। পাশাপাশি সারাদেশে ১ হাজার ১৯১টি আনসার ব্যাটালিয়ান স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন করা হবে। প্রতিটি টিমে ১০ জন করে মোট ১১ হাজার ৯১০ জন সদস্য দায়িত্ব পালন করবেন, যা সার্বিক নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

তিনি আনসার সদস্যদের উদ্দেশে বলেন, কোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ববহির্ভূত আচরণ যা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত বা ব্যাহত করতে পারে, তা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করতে হবে।

দুর্নীতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। এটি শুধু অর্থনৈতিক ক্ষতি করে না, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে দুর্বল করে এবং জনগণের আস্থা নষ্ট করে। কোনো আনসার সদস্য যদি ব্যক্তিস্বার্থ, লোভ বা রাজনৈতিক সুবিধার জন্য কাজ করে, তবে সে কেবল আইনই ভাঙে না, রাষ্ট্রের ভিত্তিকেও দুর্বল করে। তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি কোনো রাজনৈতিক দলের বাহিনী নয় বা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়; তারা জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত রাষ্ট্রীয় কর্মচারী। তাই কোনো বেআইনি আদেশ, পক্ষপাতদুষ্ট এজেন্ডা বা স্বার্থান্বেষী কর্মকাণ্ডের অংশ না হওয়ার জন্য তিনি কঠোর নির্দেশনা দেন।

অনুষ্ঠানে কুচকাওয়াজে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য চারজন প্রশিক্ষণার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। শেষে আনসার সদস্যদের বিভিন্ন টিম শারীরিক সক্ষমতা প্রদর্শন ও আপৎকালীন উদ্ধার তৎপরতার মহড়া উপস্থাপন করে। এ সময় প্রশিক্ষণার্থীদের অভিভাবক ও বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।