প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আসন্ন গণভোট শুধু আগামী পাঁচ বছরের জন্য নয়, ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রয়োজন। জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই রাষ্ট্র পরিচালনার ধরন নির্ধারিত হবে বলে তিনি মন্তব্য করেন।
সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় রাজশাহীর হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগা মাঠে বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলী রীয়াজ বলেন, রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন কীভাবে স্বাধীনভাবে কাজ করবে—এসব প্রশ্নের উত্তর জনগণের ভোটের মাধ্যমেই ঠিক করতে হবে। “এ কারণেই গণভোটের আয়োজন করা হয়েছে। নাগরিক হিসেবে সবার দায়িত্ব গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া,” বলেন তিনি।
গণভোট নিয়ে রাজনৈতিক ঐকমত্যের কথা উল্লেখ করে তিনি বলেন, “গণভোট নিয়ে কোনো রাজনৈতিক দলের মধ্যে দ্বিমত নেই। মানুষ ভোট দিতে চায়, কিন্তু সেই পরিবেশ বারবার বাধাগ্রস্ত হয়েছে। সে জায়গাটি পূর্ণভাবে পুনঃপ্রতিষ্ঠা করতে জুলাই জাতীয় সনদ ও গণভোটের উদ্যোগ নেওয়া হয়েছে।”
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খানের সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আর এন এম বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার ড. জিল্লুর রহমান ও জেলা প্রশাসক আফিয়া আখতার।