আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না খেলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজই এ সিদ্ধান্ত নিয়েছে এবং ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষাপটেই এমন অবস্থান নেওয়া হয়েছে। রোববার (৪ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।
এর আগে শনিবার (৩ জানুয়ারি) রাতে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আসিফ নজরুল। তার অভিযোগ, ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশেই মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি ফেসবুক পোস্টে লেখেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের একজন ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে বিসিসিআই, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
একই সঙ্গে তিনি বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান। আসিফ নজরুল বলেন, বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও দেশের মর্যাদা ক্ষুণ্ন হয়—এমন কিছু কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না। এ বিষয়ে তিনি তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকেও অনুরোধ জানিয়েছেন।
এদিকে আজই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চিঠি পাঠিয়ে ভারতের বদলে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু অন্য দেশে সরিয়ে নেওয়ার আবেদন করেছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। আইসিসিকে পাঠানো ই-মেইলে বিসিবি জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় এবং ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হওয়ার কথা।
নাজমুল আবেদীন ফাহিম জানান, ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে আইসিসির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং তাদের জবাব পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে মোস্তাফিজ ইস্যুতে বিসিসিআইকেও চিঠি পাঠানো হয়েছে। অতীতে রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের নজিরও আইসিসির সামনে তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্কে দূরত্ব তৈরি হয়। সাম্প্রতিক মোস্তাফিজ ইস্যু সেই টানাপোড়েন আরও বাড়িয়েছে।
২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি এবং চলবে ৮ মার্চ পর্যন্ত। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। পূর্বঘোষিত সূচি অনুযায়ী বাংলাদেশের চারটি লিগ ম্যাচই ভারতের কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা ছিল।
বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড আগেই আইসিসির কাছে জমা দিয়েছে বিসিবি এবং রোববার তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। লিটন দাসকে অধিনায়ক এবং সাইফ হাসানকে সহ-অধিনায়ক করা হয়েছে। স্কোয়াড থেকে বাদ পড়েছেন জাকের আলী অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কন। ভালো ফর্মে থাকলেও দলে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্তর। তবে বিসিবি জানিয়েছে, ৩১ জানুয়ারি পর্যন্ত স্কোয়াডে পরিবর্তনের সুযোগ থাকবে; এরপর যেকোনো পরিবর্তনের জন্য আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন প্রয়োজন হবে।