মুক্তাগাছায় জাতীয় পার্টির দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

0
56

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে মুক্তাগাছা উপজেলা ও পৌর এলাকার প্রায় ২ শতাধিক জাতীয় পার্টির নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

সোমবার (১২ জানুয়ারি) মুক্তাগাছা উপজেলা বিএনপি কার্যালয়ে তাদেরকে দলে ফুল দিয়ে বরণ করে নেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু।

নবাগত নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিএনপির আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ময়মনসিংহ-৫ আসনে বিএনপির প্রার্থী জাকির হোসেন বাবলু।

তিনি বলেন, সাধারণ মানুষের সুখে–দুঃখে পাশে থাকাই হলো বড় রাজনীতি। বিএনপির রাজনীতি মানুষের অধিকার, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে বিএনপিতে যোগ দিচ্ছেন- এটাই প্রমাণ করে বিএনপি এখন জনগণের আস্থার প্রতীক ও শেষ ভরসা। তিনি নির্বাচিত হতে পারলে সবাইকে সঙ্গে নিয়ে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজিমুক্ত, কিশোর গ্যাংমুক্ত, নিরাপদ ও আধুনিক মুক্তাগাছা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমানের খান রতন, পৌর বিএনপির সভাপতি শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক কামরুজ্জামান লেবু, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল প্রমুখ।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ আসন থেকে ধানের শীষের কাণ্ডারি হয়েছেন জাকির হোসেন বাবলু। তিনি প্রয়াত জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের ভাই।