বাংলাদেশ ক্রীড়াঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত নাম মুস্তাফিজুর রহমান। তাকে নিয়ে চলা সাম্প্রতিক ঘটনার রেশ অনেক আগেই গড়িয়েছে মাঠের বাইরে। ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠেও আলোচনায় এসেছে এ ঘটনা, যা প্রভাব ফেলছে ভারত-বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কেও। এবার এই বিষয় নিয়ে কথা বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এবারের আইপিএলের নিলামে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। বিপুল অঙ্কে দল পাওয়া মুস্তাফিজের বিশ্বকাপের পর আইপিএলে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ফ্র্যাঞ্চাইজিটিকে মুস্তাফিজকে ছেড়ে দিতে বলে। সেই অনুযায়ী কলকাতাও ছেড়ে দেয় টাইগার পেসারকে। এরপর থেকেই শুরু হয় সমস্যা।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন আচরণে, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে ম্যাচ খেলবে না বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে-ভারতে গিয়ে নিরাপত্তাজনিত কারণে তারা ম্যাচ খেলতে আগ্রহী নয়। এ বিষয়ে বিসিবি ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে আলোচনা শুরু করেছে বিসিবি। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করার বিষয়েও দাবি করেছে বোর্ড।
আইসিসি থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। এই ঘটনা নিয়ে আজ বিএনপি মহাসচিব দুঃখ প্রকাশ করে বলেন, ‘ক্রিকেটের সাথে আন্তর্জাতিক রাজনীতির প্রশ্ন জড়িত আছে। আমাদের দেশের সম্মান জড়িত আছে ৷ আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা মানে আমাদের পুরো দেশকে অপমান করা।’
এরপর বিসিবির কঠোর অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে ফখরুল বলেন, ‘বোর্ডের সিদ্ধান্তের সাথে আমরা একমত। কিন্তু একই সাথে অনেক সময় এসব বিষয় আলোচনার মাধ্যমেও আগালে বেশি ভালো হয়।’