রংপুরকে উড়িয়ে সেমির পথে সিলেট টাইটান্স

0
41

চলমান বিপিএলের ২৩তম ম্যাচে তারকাবহুল রংপুরের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে সিলেট টাইটান্স। সোমবার (১২ জানুয়ারি) ঘরের মাঠে রংপুরকে ৬ উইকেটে হারিয়ে সেমিফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে গেল স্বাগতিকরা।

প্রথমে ব্যাট করে রংপুর ১৯.১ ওভারে সব উইকেট হারিয়ে করে মাত্র ১১৪ রান। জবাবে ১৫ ওভারেই ৪ উইকেট হাতে রেখে সহজ জয় তুলে নেয় সিলেট। ৯ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে তারা।

ছোট লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করে সিলেট। ইনিংসটা একপ্রকার একাই টেনে নেন ওপেনার পারভেজ হোসেন ইমন। ৪১ বলে অপরাজিত ৫২ রান করে ছয় মেরে দলকে জেতানোর সঙ্গে নিজের ফিফটিও পূর্ণ করেন তিনি। তৌফিক খান ২২ বলে ৩৩ এবং আরিফুল ইসলাম ২৬ বলে ২১ রান করেন। আফিফ হোসেন ধ্রুব যোগ করেন আরেক ১২ রান।

এর আগে রংপুরের ইনিংসে দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই কাইল মেয়ার্স আউট হলে দলটি শূন্য রানে প্রথম উইকেট হারায়। চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন লিটন দাস। চারটি চার মেরে আক্রমণাত্মক শুরু করলেও ১২ বলে ২২ রান করে থামেন তিনি।

খুশদিল শাহ ২৪ বলে ৩০ ও ইফতিখার আহমেদ ২০ বলে ১৭ রান করলেও কেউই ইনিংস বড় করতে পারেননি। মাঝের ওভারে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর। শেষ দিকে ২৪ বলে ২৯ রান করে কিছুটা লড়াই টিকিয়ে রাখার চেষ্টা করেন মাহমুদউল্লাহ রিয়াদ, কিন্তু তাতে খুব বেশি কাজ হয়নি; দল গুটিয়ে যায় ১১৪ রানে।

সিলেটের বোলাররা এদিন ছিলেন দারুণ শৃঙ্খলাবদ্ধ। নাসুম আহমেদ ও শহিদুল ইসলাম পেয়েছেন ৩টি করে উইকেট। মঈন আলী ছিলেন সবচেয়ে কৃপণ—মাত্র ৮ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। অধিনায়ক মেহেদী হাসান মিরাজও নিয়ন্ত্রিত বোলিং করে ২ ওভারে দেন মাত্র ১৫ রান।