মাদারীপুরে একটি কাভার্ডভ্যানের চাপায় তিনজন ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের মাদারীপুর জেলার মস্তফাপুর ইউনিয়নের তাতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কের এক পাশ দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, ফলে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ভ্যানের ওপর বসে থাকা যাত্রীদের ওপর দ্রুতগতির একটি কাভার্ডভ্যান উঠে গেলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত একজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রশিদ ঢাকা পোস্টকে বলেন, “কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। তারা একটি ভ্যানের ওপর বসে ছিলেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করছে।”
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।