আইসিসি জানাল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে, তবে অনড় বিসিবি

0
42

বিগত কয়েকদিন ধরেই দেশের ক্রীড়াঙ্গনে উত্তেজনা চলছে। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের মাটিতে খেলতে যাবে না—এমন অবস্থান আইসিসিকে জানায়।

এ পরিস্থিতিতে আজ মঙ্গলবার বিসিবি ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে ভিডিও কনফারেন্সে বৈঠক করেছে। বৈঠকেও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার কথা আবারও আইসিসিকে জানিয়েছে বিসিবি।

আজ বিকেলে আইসিসির সঙ্গে আলোচনায় নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে দল পাঠাতে অনিচ্ছার অবস্থান পুনর্ব্যক্ত করে বোর্ড। বিসিবির পক্ষে বৈঠকে অংশ নেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি মো. শাকাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

বৈঠকে বিসিবি স্পষ্ট করে জানায়, বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে তারা মনে করছে। এর আগে বাংলাদেশের ম্যাচগুলো ভারত ছাড়া অন্য কোনো ভেন্যুতে আয়োজনের জন্য বিসিবি আইসিসির কাছে আনুষ্ঠানিক অনুরোধ করেছিল। আজকের আলোচনাতেও সেই প্রস্তাব পুনরায় তুলে ধরা হয়।

অন্যদিকে আইসিসি জানায়, টুর্নামেন্টের পূর্ণ সূচি ইতোমধ্যেই প্রকাশিত থাকায় ভেন্যু পরিবর্তন জটিল হয়ে পড়েছে। তারা বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানায়। তবে বিসিবির পক্ষ থেকে বলা হয়, খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের নিরাপত্তাই তাদের প্রধান বিবেচ্য। সম্ভাব্য সমাধান বের করতে আলোচনা চলবে বলেও জানানো হয়।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা। বিসিবি আগেই জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে তারা ম্যাচ খেলতে আগ্রহী নয় এবং বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের দাবিও করেছে।

এই পরিস্থিতির সূত্রপাত হয় পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে। আইপিএল নিলামে তাকে কলকাতা নাইট রাইডার্স দলে নিলেও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ফ্র্যাঞ্চাইজিটিকে তাকে ছেড়ে দিতে বলে। সে অনুযায়ী কলকাতাও মুস্তাফিজকে ছেড়ে দেয়। এরপর নানা জটিলতা ও আনুষ্ঠানিকতা পেরিয়ে আজ আইসিসি ও বিসিবির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।