বিশ্বকাপ ফুটবল মানেই বাংলাদেশের সমর্থকদের বাড়তি উন্মাদনা। কাতার বিশ্বকাপে সেই উচ্ছ্বাসের দৃশ্য দেখা গেছে স্পষ্টভাবে। এরই ধারাবাহিকতায় সামনে আরেকটি বিশ্বকাপ, ২০২৬ ফিফা বিশ্বকাপ। সেই বিশ্বকাপের ট্রফি বিশ্বভ্রমণের অংশ হিসেবে এবার বাংলাদেশে আসছে।
‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা’র আওতায় বুধবার সকালে ঢাকায় পৌঁছাবে বিশ্বকাপ ট্রফি। ট্রফির সঙ্গে থাকবেন ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপজয়ী কিংবদন্তি মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ভারত হয়ে আসা ট্রফিবাহী চার্টার্ড বিমানটি সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখানে ট্রফিটি গ্রহণ করবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এ সময় উপস্থিত থাকবেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী ও এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান।
বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ট্রফিটি নেওয়া হবে হোটেল র্যাডিসন ব্লুতে। তবে সাধারণ দর্শকদের জন্য ট্রফি প্রদর্শনের কোনো আয়োজন রাখা হয়নি। ২০২২ কাতার বিশ্বকাপের মতো আর্মি স্টেডিয়ামে বড় কোনো প্রদর্শনী বা কনসার্টও হচ্ছে না। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবারের আয়োজন রাখা হয়েছে সংক্ষিপ্ত পরিসরে। কেবল কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের নির্ধারিত বিজয়ীরাই বিকেলে ট্রফি দেখার ও ছবি তোলার সুযোগ পাবেন।
জাতীয় দলের খেলোয়াড়দের উপস্থিতি নিয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। এ বিষয়ে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম গণমাধ্যমকে জানান, ট্রফি সকালে আসবে এবং বাফুফে সভাপতি তা গ্রহণ করবেন। এরপর হয়তো বাফুফে ও অতিথিদের জন্য আধা ঘণ্টা বা এক ঘণ্টার একটি সংক্ষিপ্ত সেশন থাকতে পারে। আয়োজকরা পুরো আয়োজন খুব সীমিত রাখছেন, যদিও শেষ মুহূর্তে কোনো পরিবর্তন হতে পারে বলেও জানান তিনি।