এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা

0
45

পুরোনো রাজনৈতিক কাঠামোর পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই এনসিপি থেকে সরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ডা. তাসনিম জারা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নাগরিক প্ল্যাটফর্মের আয়োজিত এক সংলাপে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। তাসনিম জারা বলেন, দেশের বিদ্যমান ব্যবস্থায় জবাবদিহিতার কাঠামো অত্যন্ত দুর্বল এবং প্রায় সব জায়গায় জটিলতা রয়েছে। তিনি মন্তব্য করেন, বাস্তবে “যে যার জবাবদিহি করবে, সেই তার নিয়োগকর্তা” হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে যে সংস্কারের কথা বলা হচ্ছে, তা নিয়ে আলোচনা অব্যাহত রাখা জরুরি। একই সঙ্গে যারা ক্ষমতায় থাকবে, তাদের জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে।

তাসনিম জারা বলেন, জনগণ পরিবর্তন চায় এবং পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত আর গ্রহণ করতে প্রস্তুত নয়। এই পরিবর্তনের আকাঙ্ক্ষার কারণেই তিনি দল থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে এনসিপির হয়ে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল তাসনিম জারার। তবে গত বছরের ২৭ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।