ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পুলিশের পোশাক পরে মাথায় পিস্তল ঠেকিয়ে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালানোর সময় মো. শান্ত (২৭) নামে একজনকে স্থানীয় লোকজন আটক করে পরে পুলিশে সোপর্দ করেছে।
রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার এসবিকে ইউনিয়নের বজরাপুর গ্রামে মৃত নুর মোহাম্মদ ঢালীর ছেলে মো. আবুল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। আটক মো. শান্ত ঝিনাইদহ সদর উপজেলার কাস্টসাগরা গ্রামের কামরুল শেখের ছেলে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্র জানায়, ৫ থেকে ৬ জনের একটি সংঘবদ্ধ দল রাতের আঁধারে আবুল হোসেনের বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর তারা পরিবারের চার সদস্যের মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করে ঘরের ভেতর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়।
ডাকাতরা পালানোর সময় বাড়ির লোকজন চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে তাদের ধাওয়া করে একজনকে আটক করে পুলিশে খবর দেওয়া হয় এবং তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ জানায়, স্থানীয়দের অভিযোগ অনুযায়ী আটক মো. শান্তসহ চক্রটির সদস্যদের সবার পরনে পুলিশের ভুয়া পোশাক ছিল। আটক ব্যক্তির প্রাথমিক স্বীকারোক্তি অনুযায়ী, এর আগের দিন শনিবার রাতেও একই কৌশলে মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামে চক্রটি মালামাল লুট করে।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লুট হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারের পাশাপাশি পালিয়ে যাওয়া অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে। ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়াও চলমান রয়েছে।