বছরের প্রথম ১২ দিনে দেশে এলো ১৪৬ কোটি ডলার রেমিট্যান্স

0
57

নতুন বছরের প্রথম ১২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৪৬ কোটি মার্কিন ডলার। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ কোটি ১৭ লাখ ডলার করে প্রবাসী আয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, চলতি জানুয়ারির প্রথম ১২ দিনে দেশে ১৪৬ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যেখানে গত বছরের একই সময়ে এসেছিল ৮৬ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

আরিফ হোসেন খান আরও জানান, শুধু ১২ জানুয়ারি একদিনেই প্রবাসীরা দেশে ১২ কোটি ৪০ লাখ ডলার পাঠিয়েছেন। পাশাপাশি চলতি অর্থবছরের জুলাই থেকে ১২ জানুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৭৭২ কোটি ৫০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ১০ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স আসে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। এটি চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের যেকোনো মাসের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এর আগে নভেম্বরে আসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। অক্টোবরে দেশে রেমিট্যান্স ছিল ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে ছিল ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। এছাড়া আগস্টে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

এদিকে, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো একটি অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।