আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসন থেকে ইসলামী ফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নিজের আয়, সম্পদ ও মামলার তথ্য উল্লেখ করেছেন।
হলফনামা অনুযায়ী, তাহেরির ওপর নির্ভরশীলদের নামে কোনো স্থাবর বা অস্থাবর সম্পদ দেখানো হয়নি। এমনকি তার স্ত্রীর নামেও কোনো স্বর্ণালংকার, নগদ অর্থ বা অন্যান্য সম্পদের তথ্য নেই।
নিজের অস্থাবর সম্পদের বিবরণে তাহেরি উল্লেখ করেন, কৃষি খাত থেকে বছরে তার আয় ২৬ হাজার ৪০০ টাকা। ব্যবসা থেকে আয় হয় ৭ লাখ ৯১ হাজার টাকা এবং ব্যাংক সুদ থেকে পান ২২ হাজার ৮৯২ টাকা। তার হাতে নগদ রয়েছে ৪১ হাজার ২৮৬ টাকা এবং ব্যাংকে জমা আছে ৭ লাখ ৬৩ হাজার ৬০৬ টাকা। তিনি ৩১ ভরি স্বর্ণের মালিক, যার মূল্য ধরা হয়েছে ৬ লাখ টাকা। এছাড়া ৫ লাখ টাকার আসবাবপত্র রয়েছে।
স্থাবর সম্পদের হিসাবে তিনি উল্লেখ করেছেন, তার নামে ১ কোটি ৩২ লাখ ৩৯ হাজার টাকার কৃষিজমি রয়েছে। সব মিলিয়ে স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্য দাঁড়ায় ১ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার ৮৯২ টাকা।
হলফনামায় আরও বলা হয়, গিয়াস উদ্দিন তাহেরির স্থায়ী ঠিকানা কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভাজরা গ্রামে। তবে হবিগঞ্জের মাধবপুরে তার শ্বশুরবাড়ি থাকায় তিনি ওই আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। তার বিরুদ্ধে বর্তমানে তিনটি মামলা চলমান রয়েছে। তাহেরির দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর এসব মামলা দায়ের করা হয়েছে।