ময়মনসিংহে ৫ পুলিশ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই

0
37

ময়মনসিংহে মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সময় পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে এলাকায় র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা টহল দেন। হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে আসামির পিতা সাগর আলীকে আটক করেছে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে স্থানীয় রাসেল নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে আরিফুল ইসলাম ও তার সহযোগীরা। বর্তমানে রাসেল রাজধানীর পঙ্গু হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি পুলিশ দল দিগারকান্দা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। তাকে থানায় নিয়ে যাওয়ার সময় আরিফুলের পিতা সাগর আলীর নেতৃত্বে কয়েকশ লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে পুলিশ সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে হাতকড়াসহ আরিফুল ইসলামকে ছিনিয়ে নিয়ে যায় তারা।

এসআই ফরিদ আহমেদ সন্ধ্যা ৭টার দিকে জানান, হামলায় এক এএসআই ও তিন কনস্টেবলসহ মোট পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি নাজমুস সাকিব বলেন, কর্তব্যরত পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাটি অত্যন্ত গুরুতর অপরাধ। আসামির পিতাকে আটক করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি আরও জানান, ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে র‍্যাব ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছিনিয়ে নেওয়া আসামি ও হামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।