যুক্তরাষ্ট্র যুদ্ধ চাইলে ইরান প্রস্তুত: আব্বাস আরাগচি

0
27

যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক সক্ষমতা যাচাই করতে বা যুদ্ধে জড়াতে চায়, তাহলে ইরান সম্পূর্ণ প্রস্তুত—এমন সতর্কবার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা আরবিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সোমবার (১২ জানুয়ারি) প্রচারিত ওই সাক্ষাৎকারে আরাগচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা এখনও সম্ভব হলেও তেহরান যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। তিনি বলেন, গত বছরের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে যে সামরিক প্রস্তুতি ছিল, বর্তমানে তা আরও বিস্তৃত ও শক্তিশালী করা হয়েছে।

তার বক্তব্য অনুযায়ী, ওয়াশিংটন যদি আবারও ইরানের সামরিক শক্তি “পরীক্ষা” করতে চায়, তাহলে তার জবাব দিতে ইরান প্রস্তুত। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত আলোচনার পথই বেছে নেবে। পাশাপাশি ইসরায়েলের স্বার্থ রক্ষায় যারা যুক্তরাষ্ট্রকে সংঘাতে জড়াতে উসকানি দিচ্ছে, তাদের প্রতিও সতর্কবার্তা দেন তিনি।

দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি প্রসঙ্গে আরাগচি দাবি করেন, চলমান বিক্ষোভে সশস্ত্র গোষ্ঠী ঢুকে পড়েছে এবং তারা বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালাচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

উল্লেখ্য, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দেন। সেখান থেকেই বিক্ষোভের সূচনা হয়। অল্প সময়ের মধ্যে তা দেশের ৩১টি প্রদেশের শহর ও গ্রামে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে তীব্র আকার ধারণ করে। বর্তমানে বিক্ষোভের কারণে দেশটির স্বাভাবিক জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই এই বিক্ষোভের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে আসছেন। ইরান সরকার আন্দোলন দমনে কঠোর পদক্ষেপ নিলে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকিও তিনি একাধিকবার দিয়েছেন।

অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রোববার দেশের অর্থনীতি পুনর্গঠনের অঙ্গীকার করে বলেন, তার সরকার জনগণের কথা শুনতে এবং সমস্যা সমাধানে উদ্যোগ নিতে প্রস্তুত।

সূত্র: আলজাজিরা